আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে, ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোমার মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে, মা, তোমার বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি।